বাংলাদেশে হান্টার ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেল উন্মোচন করল রয়্যাল এনফিল্ড
বাংলাদেশে মোটরসাইকেলের পরিসর আরও বিস্তৃত করতে হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ।
মাঝারি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন (২৫০–৭৫০ সিসি) মোটরসাইকেল খাতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড বাংলাদেশে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেল উন্মোচন করেছে। এর মাধ্যমে দেশের বাজারে ব্র্যান্ডটির মোটরসাইকেল মডেলের পরিসর আরও বিস্তৃত হলো। নতুন হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের টাইপ-২ ম্যানুফ্যাকচারার ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে বিক্রি করা হবে।
রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় এই দুটি মোটরসাইকেল মডেলে যুক্ত হয়েছে নতুন ও আকর্ষণীয় রঙের সমাহার। এর ফলে গ্রাহকেরা নিজেদের পছন্দ ও ব্যক্তিত্ব অনুযায়ী মোটরসাইকেল বেছে নেওয়ার আরও বেশি সুযোগ পাবেন। একই সঙ্গে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নিজস্ব বৈশিষ্ট্য, ঐতিহ্যবাহী ডিজাইন এবং স্বাচ্ছন্দ্যময় রাইডিং অভিজ্ঞতা অক্ষুণ্ণ রাখা হয়েছে।
নতুন হান্টার ৩৫০ পাওয়া যাবে আটটি আকর্ষণীয় মডেল ও রঙে—রেবেল ব্লু (Rebel Blue), ড্যাপার গ্রে (Dapper Grey), লন্ডন রেড (London Red), টোকিও ব্ল্যাক (Tokyo Black), রিও হোয়াইট (Rio White), গ্রাফাইট গ্রে (Graphite Grey), মুনশট হোয়াইট (Moonshot White) এবং মুম্বাই ইয়েলো (Mumbai Yellow)।
নতুন হান্টার ৩৫০-এ যুক্ত হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি। পাশাপাশি উন্নত সাসপেনশন ও আরামদায়ক সিট মোটরসাইকেলটির ব্যবহারিক সুবিধা আরও বাড়িয়েছে। রয়্যাল এনফিল্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক ডিজাইন, সহজ নিয়ন্ত্রণ ও গতিশীল পারফরম্যান্সের সমন্বয়ে হান্টার ৩৫০ শহরের ব্যস্ত সড়কে চলাচলের জন্য একটি আদর্শ মোটরসাইকেল।
অন্যদিকে, ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেলগুলো পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙ ও সিরিজে—ডার্ক সিরিজের গান গ্রে (Gun Grey), হেরিটেজ প্রিমিয়াম সিরিজের মেডালিয়ন ব্রোঞ্জ (Medallion Bronze) এবং ক্রোম সিরিজের এমারেল্ড গ্রিন (Emerald Green)।
রয়্যাল এনফিল্ডের সমৃদ্ধ ঐতিহ্য থেকে অনুপ্রাণিত ক্ল্যাসিক ৩৫০-এর অনন্য নকশা ও চিরায়ত আবেদন নতুন মডেলগুলোতেও অক্ষুণ্ণ রয়েছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচারের সমন্বয়ে মোটরসাইকেলটি হয়ে উঠেছে আরও ব্যবহারবান্ধব। অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের মতো সুবিধা দৈনন্দিন যাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
নতুন মোটরসাইকেল উন্মোচন উপলক্ষে ইফাদ মোটরস লিমিটেডের ভাইস চেয়ারম্যান জনাব তাসকিন আহমেদ বলেন, "বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেলগুলো নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দুটি মোটরসাইকেলেরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্র আবেদন, যা ভিন্ন ভিন্ন ধরনের রাইডারদের পছন্দ ও রুচির প্রতিফলন ঘটায়। নতুন রঙের সংযোজনের ফলে গ্রাহকেরা নিজেদের ব্যক্তিত্ব ও পছন্দ অনুযায়ী মোটরসাইকেল বেছে নেওয়ার আরও বেশি সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, নতুন এই মডেলগুলো বাংলাদেশের রাইডারদের মধ্যে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।"
Comments