জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা
কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের জন্য জরুরি প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। 'কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড'ধারীরা এ সুবিধার আওতায় সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ অর্থ নগদে তুলতে পারবেন। চলতি বছরের ১ অক্টোবর থেকে নতুন এ সুবিধা কার্যকর হয়েছে।
ওয়ালটন প্লাজার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে এ অর্থ উত্তোলন করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ, যে শোরুম থেকে পণ্য কেনা হয়েছে, অর্থ তুলতে সেখানেই যেতে হবে না। গ্রাহক দেশের অন্য যেকোনো স্থানে থাকলেও নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে এ সুবিধা নিতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানায়, কিস্তি ক্রেতাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, 'কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি'র আওতায় কিস্তি চলমান অবস্থায় সুরক্ষা কার্ডধারী কোনো ক্রেতার মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্রেতার পরিবারের কোনো সদস্য মারা গেলে সহায়তার পরিমাণ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ক্রেতার মৃত্যুর ক্ষেত্রে পণ্যের বকেয়া কিস্তি মওকুফ এবং পরিবারের যোগ্য সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করে প্রতিষ্ঠানটি।
সুরক্ষা কার্ডধারী গ্রাহকদের চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ, কেনাকাটা ও বিনোদনেও বিশেষ সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ওয়ালটন প্লাজা। এ জন্য দেশের আট বিভাগে পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানের মধ্যে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট, বিনোদন পার্ক ও বিভিন্ন পণ্য বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে।
গ্রাহক ও তাঁদের পরিবারের জন্য টেলিমেডিসিন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। প্রয়োজনে হাসপাতালে ভর্তি, হাসপাতালে পৌঁছে দেওয়া, রক্তের ব্যবস্থা এবং চিকিৎসকের পরামর্শ পেতেও সহায়তা দেওয়া হয়।
ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান জানান, পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যেই কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি চালু করা হয়েছে। গ্রাহকদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বিবেচনায় নিয়ে সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পরিধিও বাড়ানো হচ্ছে।
নতুন নগদ অর্থ উত্তোলন সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে নিকটস্থ ওয়ালটন প্লাজা, waltonplaza.com.bd অথবা ১৬২৬৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা। বিনামূল্যে টেলিমেডিসিন সেবা পেতে যোগাযোগ করা যাবে ০৯৬০৬৯৯০০২৯ নম্বরে।
Comments