বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: ডা. জাহেদ উর রহমান
কোনো গণতান্ত্রিক সরকার কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের মতো বেআইনি কাজকে সমর্থন করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কেবল বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আইনি ব্যবস্থা নিশ্চিত করে, কোনো বেআইনি হত্যাকাণ্ডের মাধ্যমে নয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
তথ্য উপদেষ্টা বলেন, 'একটি সরকার যদি বিচারবহির্ভূতভাবে মানুষকে হত্যা করে, তবে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, মাস্তানে পরিণত হয়। অতীতের শাসকরা রাষ্ট্রকে সেভাবেই পরিচালনা করেছিল।' বর্তমান সরকারের রাতের আঁধারে ক্ষমতা আঁকড়ে রাখার কোনো কুমতলব নেই উল্লেখ করে তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদের স্মরণ করিয়ে দেন, কাগজে-কলমে আদেশ পেলেও তাঁরা কোনো বেআইনি নির্দেশ পালন করতে বাধ্য নন।
আইজিপির বক্তব্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর থেকে ফেরার পর তিনি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশন, সংবিধান সংস্কার এবং পুনর্গঠিত তথ্য কমিশনকে আরও সক্রিয় ও গতিশীল করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান তিনি। স্বৈরাচারী শাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা দখলকারীদের 'সাবেক প্রধানমন্ত্রী' বলা যৌক্তিক নয় এবং দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।
Comments