অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘অর্ণব’, অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় 'অর্ণব' আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে সোমবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড় 'অর্ণবে' পরিণত হয়। পরবর্তীতে এটি আরও শক্তি সঞ্চয় করে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে এবং এরপর অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগোতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
Comments