নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও ঐতিহাসিক বোস কেবিনের চা উপভোগ মার্কিন রাষ্ট্রদূতের
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পাশাপাশি আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি মণ্ডপে পৌঁছে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু-কিশোরদের পরিবেশিত মনোজ্ঞ নৃত্য উপভোগ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনের অনুভূতি প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, 'আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজা উদযাপনের অংশ করার জন্য অনেক ধন্যবাদ।'
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেন। পরে তিনি সস্ত্রীক শহরটির সনাতনলেন সড়কে অবস্থিত শতবর্ষের ঐতিহ্যবাহী 'বোস কেবিন'-এ যান এবং সেখানকার বিখ্যাত চা পান করে মুগ্ধ হন।
Comments