দল চাইলে মেয়র নির্বাচনে লড়তে শতভাগ প্রস্তুত রয়েছি: ইশরাক হোসেন
দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন পেলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে তিনি শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সদ্য পদত্যাগকারী মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগ ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মেয়র নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, 'মেয়র নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে ২০১৭ সালেও আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে।'
দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তিনি আরও বলেন, 'যদি দল আমার পরিবর্তে অন্য কাউকেও প্রার্থী হিসেবে মনোনীত করে, তবে তাঁকে বিজয়ী করার জন্যও আমি শতভাগ প্রস্তুত আছি।'
এর আগে সংবাদ সম্মেলনে মন্ত্রিত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, নিজের মাদকবিরোধী অভিযান ও কর্মকাণ্ডের কারণে সরকারের কোনো কার্যক্রম যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং দল যেন বিব্রত না হয়, সে বিষয়টি বিবেচনা করেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
Comments