পদত্যাগের খবরকে রাতে ‘গুজব’ বললেও সকালে দিলেন ঘোষণা
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার দুপুরে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। তবে এর আগে গত রোববার রাতে তাঁর পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর প্রকাশিত হলে তা ধামাচাপা দিতে একের পর এক ফেসবুক পোস্ট, অডিও বার্তা ও সংবাদমাধ্যমকে আইনি ব্যবস্থা নেওয়ার হুংকার দিয়েছিলেন তিনি। সে সময় সংবাদটিকে 'গুজব' ও 'উড়োখবর' বলে দাবি করেছিলেন ইশরাক ও তাঁর প্রেস টিম।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। সে সময় তাঁর অনুসারীদের হাতেও অস্ত্র দেখা যায়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়, যা রাজনৈতিক অঙ্গন ও সরকারের অন্দরেও অস্বস্তি তৈরি করে।
এই ঘটনার জেরে গত রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে পদত্যাগের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়।
রাতের নাটক: 'গুজব' দাবি করে একের পর এক বার্তা
রোববার রাত ১০টার দিকে প্রথম আলো অনলাইনে 'মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর ঠিক ২২ মিনিট পর রাত ১০টা ২২ মিনিটে নিজের হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে এক বার্তায় ইশরাক লেখেন, 'পদত্যাগের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।'
এর চার মিনিট পর রাত ১০টা ২৬ মিনিটে একই গ্রুপে দেওয়া এক অডিও বার্তায় তিনি প্রথম আলোর সংবাদটিকে 'উড়োখবর' আখ্যা দিয়ে বলেন, 'দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই পুরো বিষয়টিকে গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা নেই। এরকম কোনো সিদ্ধান্ত হলে তা এভাবে আসবে না।'
এরপর রাত ১০টা ২৮ মিনিটে ইশরাকের প্রেস কর্মকর্তা হোয়াটসঅ্যাপ গ্রুপে এক প্রতিবাদলিপি পাঠান। খবরটিকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহার করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে একই বিজ্ঞপ্তি ইশরাকের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দাবি করা হয়, সরকারের উচ্চপর্যায় থেকে কোনো পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই একটি মহল এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
রাত ১০টা ৪০ মিনিটে সাংবাদিকদের উদ্দেশে ফের অডিও বার্তা দেন ইশরাক হোসেন। সে সময় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে বহাল আছেন বলে দাবি করেন। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মী তাঁকে একটি ভিডিও বার্তা দেওয়ার অনুরোধ জানালে রাত ১০টা ৫১ মিনিটে তাঁর প্রেস কর্মকর্তা জানান, অপসাংবাদিকতার জবাবে ভিডিও বার্তা দেওয়াকে তাঁরা প্রয়োজন মনে করেন না। প্রয়োজন হলে সরাসরি কথা বলা হবে।
প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) স্ক্রল আকারে বিষয়টি প্রচার করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইশরাকের প্রেস কর্মকর্তা বলেন, কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন বা চূড়ান্ত সরকারি ঘোষণা ছাড়াই প্রতিমন্ত্রীর পদত্যাগের মতো স্পর্শকাতর খবর স্ক্রলে প্রচার করে বিটিভি গুরুতর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। পরে অবশ্য বিটিভি আগের স্ক্রল বন্ধ করে ইশরাকের পদত্যাগের খবর অস্বীকার করার বিষয়টি স্ক্রলে প্রচার করতে শুরু করে।
অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ সোমবার সকালেই পদত্যাগের সিদ্ধান্তের কথা নিজেই জানালেন ইশরাক হোসেন।
Comments