সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
২০২৬-২৭ অর্থবছরে পরিবহন উন্নয়ন সহায়তা খাতের আওতায় সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প বাস্তবায়নে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের জন্য এ অর্থ বরাদ্দ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-২ শাখা থেকে গত ১৩ অক্টোবর জারি করা এক চিঠিতে বরাদ্দের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে অর্থ ছাড়, ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বরাদ্দ করা অর্থ নির্ধারিত উন্নয়ন প্রকল্পে ব্যয় করতে হবে। অর্থ ছাড়ের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষরসহ বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এরপর প্রচলিত আর্থিক বিধিবিধান মেনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।
বরাদ্দের অর্থ উত্তোলন ও ব্যয়ের হিসাব সংরক্ষণের দায়িত্ব পালন করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা যৌথভাবে। সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প অনুযায়ী অর্থ ব্যয় এবং প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২১, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এবং সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দের অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এ ছাড়া অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৭-এর মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।
বরাদ্দের অর্থ যথাযথভাবে ছাড় ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
Comments