৯ হাজার রাইডারের মাইলফলক উদযাপনে রয়্যাল এনফিল্ডের ‘রাইড ফর স্মাইলস’
বাংলাদেশে ক্লাসিক ৩৫০ মোটরসাইকেলের ৯ হাজারের বেশি রাইডারের মাইলফলক উদযাপন এবং রাইডিংয়ের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে বিশেষ সামাজিক উদ্যোগ 'ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইলস' আয়োজন করেছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ।
শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্যোগটির আওতায় ক্লাসিক ৩৫০-এর ৫০ জন রাইডার অংশ নেন। পরে তাঁরা SOS Children's Villages Bangladesh-এর শিশুদের সঙ্গে বিভিন্ন আনন্দ ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হন।
'এ রাইড, এ স্মাইল, এ মেমোরি ফরএভার'—এই ভাবনাকে সামনে রেখে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু হয় বিশেষ এই আনন্দযাত্রা। গন্তব্যে পৌঁছে রাইডাররা শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। আয়োজনে খেলাধুলা, বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস কিট ও উপহার বিতরণ, ম্যাজিক শো এবং ট্রাফিক সচেতনতামূলক ক্লাসের ব্যবস্থা ছিল।
প্রেস রিলিজে উল্লেখ করা হয়, SOS Children's Villages Bangladesh ১৯৭২ সাল থেকে দেশে পিতামাতার যত্ন হারানো বা হারানোর ঝুঁকিতে থাকা শিশুদের যত্ন, শিক্ষা ও বিকাশে কাজ করে আসছে। শিশু কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।
অনুষ্ঠানে অংশ নেওয়া একজন ক্লাসিক ৩৫০ রাইডার বলেন, শিশুদের সঙ্গে রাইডের আনন্দ ভাগ করে নিতে পারা তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। তাদের সঙ্গে সময় কাটানো এবং তাদের হাসির অংশ হতে পারাটাই ছিল দিনের সবচেয়ে সুন্দর অনুভূতি।
রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশে ক্লাসিক ৩৫০-এর ৯ হাজারের বেশি রাইডারের মাইলফলক শুধু সংখ্যাগত অর্জন নয়; বরং রাইডার কমিউনিটির ভালোবাসা, আস্থা ও মোটরসাইকেলটির সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন। এই আনন্দকে আরও অর্থবহ করতেই 'রাইড ফর স্মাইলস'-এর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা, তাদের মুখে হাসি ফোটানো এবং সুন্দর স্মৃতি তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অন্যদিকে, SOS Children's Villages Bangladesh-এর পক্ষ থেকে বলা হয়, শিশুদের বিকাশে শিক্ষা ও যত্নের পাশাপাশি আনন্দ, খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের এ উদ্যোগ শিশুদের জন্য আনন্দময় ও অংশগ্রহণমূলক একটি দিন তৈরি করেছে। শিশুদের কল্যাণকে গুরুত্ব দিয়ে এমন অর্থবহ অংশীদারিত্বকে স্বাগত জানায় সংস্থাটি।
রয়্যাল এনফিল্ড বাংলাদেশের 'ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইলস' তাই ৯ হাজারের বেশি রাইডারের মাইলফলক উদযাপনের পাশাপাশি শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, হাসি ছড়িয়ে দেওয়া এবং সুন্দর স্মৃতি তৈরির একটি বিশেষ উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়।
Comments