'রবি' নেটওয়ার্ক আধুনিকায়ন টেলিযোগাযোগ খাতকে শক্তিশালী করবে: বিটিআরসি চেয়ারম্যান
চট্টগ্রাম অঞ্চলে ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্নের মাধ্যমে দেশব্যাপী তাদের বিশাল নেটওয়ার্ক রূপান্তর কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করেছে মোবাইল ফোন অপারেটর 'রবি আজিয়াটা পিএলসি' এর মাধ্যমে দেশজুড়ে আরও শক্তিশালী, নির্ভরযোগ্য এবং ভবিষ্যৎ উপযোগী 'গিগা গ্রিন' ৪জি ও ৫জি-প্রস্তুত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য অর্জন করল প্রতিষ্ঠানটি।
রোববার (৪ অক্টোবর) নগরীর র্যাডিসন ব্লু চট্টগ্রাম বেভিউতে আয়োজিত 'চট্টগ্রামে রবির ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন উদযাপন' শীর্ষক এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
বৃহৎ পরিসরের এই আধুনিকায়ন কার্যক্রমের শেষ ধাপে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। রবির পক্ষ থেকে জানানো হয়, মাত্র ১৮০ দিনের মধ্যে এ অঞ্চলের ৩ হাজার ৫০০টিরও বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। এই পুরো সময়ে গ্রাহকসেবায় কোনো ধরনের বড় বিঘ্ন ঘটেনি।
নতুন এই আধুনিকায়নের ফলে গ্রাহকদের ৪জি ব্যবহারের অভিজ্ঞতা গড়ে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রায় ১০ শতাংশ অতিরিক্ত মানুষ উন্নত ইনডোর ৪জি কাভারেজের আওতায় এসেছেন। নেটওয়ার্কে আধুনিক এমআইএমও (MIMO) প্রযুক্তি ব্যবহারের ফলে সিগন্যালের মান ও কাভারেজ যেমন বেড়েছে, তেমনি নতুন অবকাঠামোর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত কমেছে, যা কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এই উদ্যোগকে একটি প্রকৌশলগত অর্জন হিসেবে আখ্যা দিয়ে বলেন, "স্বল্প সময়ে এত বড় পরিসরে নেটওয়ার্ক আধুনিকায়ন নিঃসন্দেহে প্রশংসনীয়। এ বিনিয়োগ দেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে।"
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, "চট্টগ্রাম দেশের বাণিজ্যিক প্রবেশদ্বার। এই অঞ্চলে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করা বাণিজ্য, শিল্পায়ন এবং স্মার্ট সিটি ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, "আধুনিক ও নির্ভরযোগ্য টেলিযোগাযোগ অবকাঠামো ডিজিটাল অর্থনীতির ভিত্তি। চট্টগ্রাম অঞ্চলে নেটওয়ার্কের এই আধুনিকায়ন এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে।"
রবির প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, "চট্টগ্রামে এই কাজ সম্পন্নের মধ্য দিয়ে আমাদের দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কার্যক্রম সফলভাবে শেষ হলো। এটি শুধু প্রযুক্তিগত অর্জন নয়, বরং গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার মাইলফলক।"
তিনি আরও জানান, এর আগে বৃহত্তর ঢাকায় ৪ হাজার ৮০০টিরও বেশি সাইট সফলভাবে আধুনিকায়ন করা হয়েছিল, যার ফলে কল ড্রপের হার ২০ শতাংশ কমেছে এবং অনেক ক্ষেত্রে ইনডোর নেটওয়ার্ক অভিজ্ঞতা প্রায় তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, রবি আজিয়াটা পিএলসি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। এতে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের শেয়ার রয়েছে ৬১.৮২ শতাংশ, ভারতের ভারতী এয়ারটেলের ২৮.১৮ শতাংশ এবং সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ মালিকানা রয়েছে।
Comments