খোঁপা হোক বা বিনুনি, এবারের পূজোয় চুলে থাকুক ঘুঙুরের সাজ
শাড়ি পরেছেন পরিপাটি করে, মেকআপেও রয়েছে যত্নের ছাপ। কিন্তু চুলটা রয়ে গেছে একেবারে সাধারণ, খোলা চুলেই সেরে ফেলেছেন সাজ। খোলা চুল এমনিতেই আকর্ষণীয়। তবে তার সঙ্গে যদি যোগ হয় ছোট ছোট ঘুঙুর, তাহলে পুরো সাজেই আসতে পারে আলাদা মাত্রা।
চুলে ঘুঙুর এখন ফ্যাশনের নতুন সংযোজন। খোঁপা, বিনুনি কিংবা খোলা চুল যে কোনও স্টাইলেই ব্যবহার করা যাচ্ছে ছোট ছোট ঘুঙুর। ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও বিউটি ক্রিয়েটরদের হাত ধরে এই সাজ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিয়েবাড়ি, পূজা কিংবা অন্য কোনও বিশেষ আয়োজনে চুলে ঘুঙুর যোগ করে আনতে পারেন সাবেকি সৌন্দর্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন।
খোঁপায় ঘুঙুরের সাজ
খোঁপা সাজাতে ছোট আকারের কয়েকটি ঘুঙুর ব্যবহার করতে পারেন। ১০ থেকে ১২টি ঘুঙুর চুলের কাঁটায় লাগিয়ে নিন। এরপর সেগুলো খোঁপার মধ্যে আটকে দিন।
চাইলে ঘুঙুর লাগানো চেনও ব্যবহার করতে পারেন। একাধিক ঘুঙুর একটি তারে বা চেনে গেঁথে নিয়ে সেটিকে খোঁপার চারপাশে গোল করে আটকে দিলে অনেকটা ফুলের মালার মতো দেখাবে। শাড়ির সঙ্গে এই ধরনের সাজ বেশ মানানসই। বিশেষ করে পূজার অষ্টমী বা নবমীর সাজে এটি হতে পারে দারুণ একটি সংযোজন।
বিনুনিতে থাকুক ঘুঙুর
বিনুনিকেও আরও আকর্ষণীয় করে তুলতে পারেন ঘুঙুর দিয়ে। প্রথমে পছন্দমতো বিনুনি করে নিন। এরপর বিনুনির বিভিন্ন অংশে ঘুঙুর লাগানো হেয়ার পিন আটকে দিন।
বাজারে ঘুঙুর বসানো লম্বা চেনও পাওয়া যায়। সেটি বিনুনির সঙ্গে জড়িয়ে দিতে পারেন। চাইলে পুরো চুল না বেঁধে সামনের বা মাঝের অল্প কিছু চুল নিয়ে ছোট একটি বিনুনি করে তার ওপর ঘুঙুরের চেন ঝুলিয়ে দিতে পারেন। এতে খোলা চুলের স্বাভাবিক সৌন্দর্যও থাকবে, আবার সাজেও আসবে আলাদা আকর্ষণ।
খোলা চুলেও ঘুঙুর
খোলা চুল পছন্দ হলে সেটিও রাখতে পারেন। মাথার সামনের দিক থেকে সামান্য চুল নিয়ে পিছনে হালকা করে বেঁধে নিন। সেই বাঁধা অংশে ছোট ঘুঙুরের চেন লাগিয়ে দিন। চাইলে লম্বা ঘুঙুরের চেনও ঝুলিয়ে দিতে পারেন।
এ ছাড়া ঘুঙুর লাগানো ব্যাক ক্লিপও ব্যবহার করা যায়। খোলা চুলের মধ্যে এমন একটি ক্লিপ আটকে দিলেই খুব বেশি আয়োজন ছাড়াই চুলের সাজে চলে আসবে উৎসবের আমেজ।
চুলে ঘুঙুরের ব্যবহার মূলত সাবেকি সাজকে নতুনভাবে তুলে ধরার একটি উপায়। তাই শাড়ি, গয়না ও মেকআপের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘুঙুরের আকার ও পরিমাণ বেছে নিলে সাজটি আরও পরিপাটি ও আকর্ষণীয় দেখাবে।
Comments