বিচ ফুটবল দিয়ে কুয়াকাটায় দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভাল শুরু
বীচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ডিসি পার্ক সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বিকেল চারটা পর্যন্ত খেলায় সর্বমোট চারটি ম্যাচে ৮ টি দল অংশগ্রহন করবেন। বিকালে লেম্বুর বনে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং রাতে তারকা শিল্পীদের অংশগ্রহনে কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকালও দিনভর নানা আয়োজন রয়েছে। এ উৎসব উপলক্ষে কুয়াকাটা লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে।
টুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন,পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকের আইনশৃংখলা বাহিনীর ৭ শ' সদস্য মোতায়েন রয়েছে।
Comments