মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ
জুলাই গণঅভ্যুত্থানের পর মানবাধিকার রক্ষায় সংস্কারের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর তা রাখতে পারেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সম্প্রতি পাস হওয়া তিনটি আইন বাংলাদেশের মানবাধিকার সুরক্ষাকে আবারও পেছনের দিকে ঠেলে দিয়েছে।
যে ৩টি আইন নিয়ে আপত্তি জানিয়েছে এইচআরডব্লিউ:
১. জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬: এই নতুন আইনে কমিশনের স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং এর তদন্তের ক্ষমতা দুর্বল করা হয়েছে। অথচ অন্তর্বর্তী সরকারের সময় কমিশনটিকে গুম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করার মতো শক্তিশালী ক্ষমতা দেওয়া হয়েছিল।
২. গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬: এই আইনের মাধ্যমে গুমের মতো গুরুতর অপরাধ রোধ ও এর বিচার নিশ্চিত করার পূর্বের ব্যবস্থাগুলোকে দুর্বল করা হয়েছে।
৩. স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন-২০২৬: আলোচিত র্যাব বিলুপ্ত করার দাবি থাকলেও, আদতে কেবল নাম পরিবর্তন করে 'এসআরবি' করা হয়েছে। তাছাড়া সাধারণ পুলিশের মতো এই বাহিনীর জন্য কোনো সুরক্ষামূলক বা জবাবদিহিতার কড়া নিয়ম নতুন আইনে রাখা হয়নি।
এইচআরডব্লিউ-এর মূল পর্যবেক্ষণ: সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলায়িন পিয়ারসন বলেছেন, নিরাপত্তা বাহিনীকে তদন্ত ও জবাবদিহিতার বাইরে রাখার এই চেষ্টা প্রমাণ করে যে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো পুরোপুরি বন্ধ হওয়ার নিশ্চয়তা নেই।
অতীতে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সরকারকে প্রকৃত সংস্কার করতে হবে এবং একটি শক্তিশালী ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করার আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
Comments