বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সাক্ষাতের শুরুতে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
এ সময় ভারতের হাইকমিশনার আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত ও সামরিক সম্পর্ককে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট অভিন্ন স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার ক্ষেত্রে ভারতের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠক শেষে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
Comments