প্রধান বিচারপতির এজলাস ত্যাগের নেপথ্য যা বললেন অ্যাটর্নি জেনারেল
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার দায়ে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হট্টগোল ও প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এই নজিরবিহীন ঘটনা ঘটে।
পরে আপিল বিভাগে ঠিক কী ঘটেছিল এবং কেন প্রধান বিচারপতি এজলাস ছেড়ে চলে যান, সে বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
ঘটনার সূত্রপাত যেভাবে:
অ্যাটর্নি জেনারেল জানান, ২০১৩ সাল থেকে চলা একটি কাজী নিয়োগের মামলা নিয়ে একই আদেশ চ্যালেঞ্জ করে ৫টি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়ম অনুযায়ী, পূর্বে দায়ের করা মামলা বা রিট খারিজ হলে পরবর্তী আবেদনে তা উল্লেখ করা এবং নতুন কোনো কারণ (Cause of Action) থাকা বাধ্যতামূলক। কিন্তু এই মামলায় পূর্বের রিট খারিজের তথ্য গোপন করা হয়েছিল।
বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় আপিল বিভাগ সংশ্লিষ্ট নারী আইনজীবী ও মামলার আবেদনকারীকে ৫ লাখ টাকা করে জরিমানা করেন এবং এই জরিমানার অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেন। যে মামলায় এই আদেশ দেওয়া হয়, নিম্ন আদালতে তার মূল আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
Comments