বিগত ৪৮ বছরে দেশের সব উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে: শামা ওবায়েদ
বিএনপিকে উপমহাদেশের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিগত ৪৮ বছর দেশের সব উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্রের জন্য যুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দলোনসহ মানুষের যত কল্যাণ সব বিএনপির হাত ধরে হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেগম খালেদা জিয়া সহ বিএনপির বহু নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ গড়তে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নয়নের বাংলাদেশ গড়তে হলে, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়নের রাজনীতি করতে হবে, উৎপাদনের রাজনীতি করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু হয়েছে।
তিনি আরো বলেন, মুকসুদপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের জয়জয়কার, বিএনপির জয়জয়কার, তারেক রহমানের জয়জয়কার।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সাংসদ সেলিমুজ্জামানের নেতৃত্বে কমলাপুর বাসস্ট্যান্ড থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
Comments