দুই বছরের মধ্যে শহর ও গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হবে: তথ্য উপদেষ্টা
ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের শহর ও গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে অতিরিক্ত চাহিদার কারণে কিছু বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। অতীতে ঢাকাসহ বড় শহরগুলোকে ঠিক রেখে গ্রামে অতিরিক্ত লোডশেডিং দেওয়ার যে বৈষম্যমূলক ব্যবস্থা ছিল, সেখান থেকে সরে এসে এখন সাময়িক কষ্টের বোঝা শহর ও গ্রামে সুষমভাবে বণ্টন করা হচ্ছে বলে জানান তিনি।
ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে উপদেষ্টা বলেন, 'নতুন এফএসআরইউ স্থাপনে দেড় থেকে দুই বছর সময় লাগবে, যার মাধ্যমে এলএনজি আমদানি বৃদ্ধি পাবে। পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনতে ৫০০ কোটি টাকার প্রকল্প এবং বাপেক্সের ১৫০টি কূপ খনন ও পুনঃখননের কাজ চলছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক চালুকরণ শুরু হবে এবং আগামী বছর থেকে এটি পূর্ণ স্কেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। এর ফলে আগামী দেড় থেকে দুই বছরে বিদ্যুৎ খাত আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে।'
সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়া সরকার সম্পূর্ণ বিনামূল্যে (বিমান ভাড়াসহ) ১০ হাজার নতুন কর্মী নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে পূর্বে অনুমোদিত ২৫টি প্রধান এজেন্সির সঙ্গে আরও ৩১২টি সংস্থাকে অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হয়েছে।
নিখোঁজের পরিসংখ্যান নিয়ে উপদেষ্টা স্পষ্ট করেন যে এটি রাতারাতি তৈরি হওয়া কোনো সংকট নয়। তথ্য দিয়ে তিনি জানান, ২০২৫ সালের জুন-ডিসেম্বর মেয়াদের ১৩ হাজার ৮৭৬টি সাধারণ ডায়েরির (জিডি) বিপরীতে পরবর্তী সাত মাসে ১৫ হাজার ৭১৭টি জিডি নথিভুক্ত হয়েছে, যা প্রায় একই ধারার পরিসংখ্যান নির্দেশ করে। তবে প্রতিটি নিখোঁজের ঘটনায় সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে।
দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি জানান, বর্তমানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ মোট ১২ লাখ ৮৬১ মেট্রিক টন সার মজুত রয়েছে, যা গত বছরের একই সময়ের (১২ লাখ মেট্রিক টন) চেয়েও বেশি।
সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিরাপত্তার ওপর জোর দিয়ে তিনি বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের পাশাপাশি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমকে এক কাঠামোর আওতায় এনে সংবাদকর্মীদের অধিকার রক্ষায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ব্যাটারিচালিত রিকশার যান্ত্রিক বৈশিষ্ট্য (মেকানিক্যাল স্পেসিফিকেশন) ও রুট নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। এছাড়া নতুন পে-স্কেলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের চিকিৎসার খরচ ও পরিচর্যার কথা বিবেচনা করে প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে ডেনমার্কের সহায়তায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের অর্থনৈতিক গতিশীলতাকে আরও বাড়িয়ে দেবে বলে জানান তিনি।
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
Comments