মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা প্যাক্টের (যৌথ প্রতিরক্ষা চুক্তি) ক্ষেত্রে সম্পূর্ণভাবে 'বাংলাদেশ ফার্স্ট' বা রাষ্ট্রীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার নীতি অনুসরণ করবে সরকার। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এ সময় স্পষ্ট করে বলেন, দেশের স্বার্থের পরিপন্থী বা অমঙ্গল বয়ে আনে—এমন কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার গ্রহণ করবে না।
এর আগে মন্ত্রণালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানায় আইপিইউ।
বৈঠকে সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার এবং সংসদীয় কূটনীতিকে আরও কার্যকর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া তরুণ নেতৃত্ব ও তরুণ সংসদ সদস্যদের সরব উপস্থিতি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে আইপিইউ। পাশাপাশি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর জোরালো সমর্থন আদায়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায় বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
Comments