রাজনৈতিক প্রতিপক্ষকে বিনাবিচারে আটকে রাখা বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিবিদ ও অন্যান্য বন্দিদের অনির্দিষ্টকাল ধরে বিনাবিচারে আটকে রাখা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সাম্প্রতিক এক বিবৃতিতে এইচআরডব্লিউ জানিয়েছে, বিগত সরকারের পতনের পর থেকে হাজার হাজার রাজনৈতিক নেতা ও কর্মীকে আটক করা হয়েছে। অনেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই মামলা দেওয়া হয়েছে। সংস্থাটি রাজনৈতিক প্রতিপক্ষকে দীর্ঘদিন বিচারবহির্ভূতভাবে আটকে রাখার চর্চা অবিলম্বে বন্ধ করার তাগিদ দিয়েছে।
কারাবন্দি অবস্থায় বেশ কয়েকজন বয়স্ক নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। আটক ব্যক্তিদের পরিবার ও আইনজীবীদের অভিযোগ, শারীরিক অসুস্থতা সত্ত্বেও অনেকেই জামিন বা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও নতুন মামলা দিয়ে বন্দিদের মুক্তি ঠেকিয়ে রাখার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছে এইচআরডব্লিউ। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ বন্দিদের ক্ষেত্রে বিচারিক ও উচ্চ আদালতের জামিন প্রক্রিয়ায় আরও মানবিক ও আইনানুগ দৃষ্টিভঙ্গি প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
কারাগারে সংঘটিত প্রতিটি মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে দীর্ঘসময় বন্দি না রাখার জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
Comments