সিলেটে নিজ বাসায় প্রবীণ ব্যক্তি, স্ত্রী ও অজ্ঞাত নারীর গলা কাটা মরদেহ উদ্ধার
সিলেট নগরীর একটি বাসা থেকে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে এই রোমহর্ষক হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়।
নিহত ব্যক্তিরা হলেন—রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা ও এলাকার প্রবীণ মুরব্বি হাজী আব্দুস সাত্তার মিয়া এবং তাঁর স্ত্রী। তবে নিহত অপর নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সকালে মিতালি আবাসিক এলাকার ওই বাসায় তিনজনের গলা কাটা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা দ্রুত পুলিশে খবর দেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
কে বা কারা এবং কী কারণে এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শুরু হয়েছে।
Comments