জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকার বিশেষ আগ্রহী: জ্বালানি মন্ত্রী
বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতিতে বিশ্বাসী এবং বিশেষ করে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে 'ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ' আয়োজিত 'জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান সংকটকে পুঁজি করে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না বলে সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, "দেশের এই ক্রান্তিলগ্নে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের স্পষ্ট করে বলতে চাই, দেশের সংকট বাড়িয়ে আপনারা ফায়দা লুটতে পারবেন না।"
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, "অতীতের সরকার উন্নয়নের স্লোগান দিয়ে ১৬ বছর ক্ষমতায় ছিল। কিন্তু আমরা ক্ষমতায় এসে দেখলাম, কেবল যেখানে অর্থ লোপাট করা সম্ভব, ঠিক সেখানেই তথাকথিত উন্নয়ন করা হয়েছে।"
একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) বন্ধ হওয়ার প্রেক্ষাপটে দেশজুড়ে গ্যাসের তীব্র চাহিদার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, "গ্যাস সংকট নিয়ে আমরা খুব শীঘ্রই শিল্পমালিকদের সঙ্গে বসবো। দেশের শিল্প খাত যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।"
পরিবেশ ও আন্তর্জাতিক অর্থায়নের কথা মাথায় রেখে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা জানান জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, 'কয়লাভিত্তিক প্রকল্প গ্রহণের ফলে অনেক উৎস থেকে আন্তর্জাতিক অর্থায়ন বন্ধ হয়ে গেছে, তাই আমাদের খুব সাবধানে এগোতে হবে।'
সৌর শক্তির প্রসারে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, 'সোলার বা নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে আমরা অত্যন্ত আগ্রাসী ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছি। মাত্র দুই মাসের মধ্যে আমরা নতুন পলিসি তৈরি করেছি এবং পলিসিতে যা বলা হয়েছে, তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। ওপেক্স মডেলের মাধ্যমে ঢাকা শহরসহ সারা দেশে সৌর শক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়া হবে।'
Comments