ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়াল
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত এই রোগে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো ২০ হাজার ৭১। মৃত্যু হয়েছে ৬১ জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
অক্টোবর পর্যন্ত সংক্রমণের উচ্চহার অব্যাহত থাকার ঝুঁকিও রয়েছে। চলতি আগস্টে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে চার হাজার ৭৬১ জন। মৃত্যু হয়েছে সাতজনের। আগের মাসে আক্রান্ত হয় ৯ হাজার ২০৬ জন এবং মৃত্যু হয় ৩৬ জনের।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮১, বরিশালে ৭৫, খুলনা বিভাগে ১০৭, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৬৫, রংপুর বিভাগে ১৭২ এবং সিলেট বিভাগে পাঁচজন আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। ঢাকা বিভাগে (দুই সিটির বাইরে) কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মোট আক্রান্তের ৭৫ শতাংশই ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৫ শতাংশ।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে মোট আক্রান্তের ১৯.৭৬ শতাংশ, চট্টগ্রামে ১৭.১৪ শতাংশ, ঢাকা বিভাগে ১৩.৭৩ শতাংশ। খুলনায় ১৩.১৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। এতে স্পষ্ট যে ডেঙ্গু এখন দেশের জনস্বাস্থ্যের বড় সংকটে পরিণত হয়েছে।
Comments