টরন্টো উৎসবে জায়গা পেল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য আরেকটি বড় অর্জন নিয়ে এলেন নির্মাতা রুবাইয়াত হোসেন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'অরিজোন্তি' বিভাগে জায়গা করে ইতিহাস গড়ার পর, এবার তাঁর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ। বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অগ্রযাত্রায় এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সাইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর কিছু মানসিক আতঙ্ককে কেন্দ্র করে। ছবিটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমুসহ একঝাঁক তারকা শিল্পী।
চলচ্চিত্রটি আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে 'খনা টকিজ'। পাশাপাশি ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান এতে যুক্ত রয়েছে, যা বৈশ্বিক পরিসরে সিনেমাটিকে আরও শক্ত অবস্থান এনে দিয়েছে।
এবারের টরন্টো উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ও পুরস্কারজয়ী সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'। উৎসবে আরও থাকছে কান চলচ্চিত্র উৎসবে 'ক্যামেরা ডি'অর' জয়ী রুয়ান্ডার নির্মাতা মেরি-ক্লেমেন্টাইন দুসাবেজাম্বোর 'বেন'ইমানা', জুরি প্রাইজপ্রাপ্ত জার্মান নির্মাতা বেলিস্কা গ্রিজবাখের 'দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার' এবং কান ক্রিটিকস উইকের বিজয়ী মারিন আতলাঁর 'লা গ্রাদিভা'।
এ ছাড়া ভেনিসের গোল্ডেন লায়ন প্রতিযোগিতায় থাকা মে এল-তৌখির 'ওমেন আননোন', ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের 'কনভারসেশন উইথ দ্য সি', অ্যানিমেশন চলচ্চিত্র 'ট্যাঙ্গলস', 'দ্য ভায়োলিনিস্ট', 'হুলিয়ান' ও 'ভিভা কারমেন'-এর মতো প্রশংসিত সিনেমাগুলোও এবারের উৎসবে প্রদর্শিত হবে।
আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, সমালোচক ও চলচ্চিত্রপ্রেমীদের এই জমজমাট মিলনমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে 'দ্য ডিফিকাল্ট ব্রাইড', যা দেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়।
Comments