প্রেমিকের নাম ফাঁস! জাহ্নবীর মেহেদির নকশায় এখন নেটদুনিয়া তোলপাড়
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার প্রেম নিয়ে বলিপাড়ায় গুঞ্জন দীর্ঘদিনের। যদিও প্রকাশ্যে কেউই কখনো নিজেদের সম্পর্কের কথা সরাসরি স্বীকার করেননি, তবে বিভিন্ন সময়ে নানা আকার-ইঙ্গিতে প্রেমের জানান দিয়েছেন এই জুটি। এবার যেন সেই গুঞ্জনের আগুনে আরও কিছুটা ঘি ঢাললেন জাহ্নবী স্বয়ং।
সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে জমকালো সাজে হাজির হয়েছিলেন জাহ্নবী। ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি আকর্ষণীয় রেশমি শাড়ি ও স্ট্র্যাপলেস ব্লাউজে বরাবরের মতোই নজর কাড়েন তিনি। তবে অনুষ্ঠানে তার পোশাকের চেয়েও নেটদুনিয়ায় বেশি আলোড়ন সৃষ্টি করেছে তার হাতের মেহেদির নকশা।
অনুষ্ঠানের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন জাহ্নবী। আর তাতেই ভক্তদের চোখ আটকে যায়। একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায়, জাহ্নবীর হাতের মেহেদির সূক্ষ্ম কারুকাজের মাঝে লুকিয়ে লেখা রয়েছে প্রেমিক শিখর পাহাড়িয়ার ডাকনাম 'শিখু'। এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা।
জাহ্নবী ও শিখরের চেনা-জানা কিন্তু বহু বছরের। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, তারা কিশোর বয়স থেকেই একে অপরকে চেনেন। ২০১৬ সালে প্রথম তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, ২০১৮ সালে জাহ্নবীর প্রথম সিনেমা 'ধড়ক' মুক্তির পরপরই তাদের বিচ্ছেদের খবর চাউর হয়।
তবে বিচ্ছেদের মেঘ কেটে ২০২৩ সাল থেকে আবারও তাদের কাছাকাছি আসতে দেখা যায়। বিভিন্ন পার্টি, ছুটি কাটানোর মুহূর্ত কিংবা অনন্ত আম্বানির রাজকীয় বিয়ের অনুষ্ঠান— সবখানেই জাহ্নবীর পাশে দেখা গেছে শিখরকে।
মেহেদির এই নাম কিন্তু জাহ্নবীর দেওয়া প্রথম ইঙ্গিত নয়। এর আগে ২০২৪ সালে বাবা বনি কাপুরের 'ময়দান' সিনেমার প্রিমিয়ারে গলায় 'শিখু' লেখা একটি কাস্টমাইজড নেকলেস পরে হাজির হয়েছিলেন তিনি। এছাড়া জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ আড্ডা দেওয়ার সময় ভুলবশত প্রকাশ করে ফেলেছিলেন যে, তার ফোনের স্পিড ডায়াল তালিকায় শিখরের নাম রয়েছে।
প্রেমিক হিসেবে যার নাম বারবার চর্চায় আসছে, সেই শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তবে পারিবারিক পরিচয়ের বাইরে তিনি একজন সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারী। লন্ডনের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে উচ্চশিক্ষা শেষ করে বর্তমানে গেমিং ও অবকাঠামো খাতে নিজের ব্যবসা পরিচালনা করছেন শিখর।
Comments