চট্টগ্রামে বৈরী আবহাওয়া: নামতে না পেরে ঢাকায় ৩ আন্তর্জাতিক ফ্লাইট
তীব্র বৈরী আবহাওয়ার কবলে পড়েছে চট্টগ্রামের আকাশপথ। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। পরে ফ্লাইটগুলোকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ থেকে ৯০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানা যায়, মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি এবং রাজধানী থেকে আসা একটি ফ্লাইট অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়। এর মধ্যে আবুধাবি থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের 'BS350' ফ্লাইট এবং শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার 'G9-526' ফ্লাইটটি চট্টগ্রামে নামতে না পেরে সরাসরি ঢাকায় অবতরণ করে।
অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের 'BG121' ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম আসার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝআকাশ থেকেই পুনরায় ঢাকায় ফিরে যায়।
বৈরী আবহাওয়ার প্রভাবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শিডিউল বিপর্যয় হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে আজ অত্র বিমানবন্দরে আসা এবং এখান থেকে ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি ফ্লাইটের শিডিউলে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।
Comments