কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, কমেছে জিপিএ-৫
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে। ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ অর্জনে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ২৭২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে এবং ৩৬ হাজার ৭২৮ জন ছেলে ছিলেন। উত্তীর্ণদের মধ্যে মেয়ের সংখ্যা ২৮ হাজার ৪১৫ এবং ছেলের সংখ্যা ১৫ হাজার ৮৫৭।
এবার জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩১৩ জনের মধ্যে ৮২১ জন মেয়ে এবং ৪৯২ জন ছেলে। মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ।
গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৩৯৪ জন।
এ বছর বোর্ডের অধীনে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে ১৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
Comments