ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকার মোট ১৮৫টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, আনসার, এসআরবি এবং বিজিবি সদস্যসহ প্রায় সাড়ে পাঁচ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে নিয়োজিত বাহিনীর সদস্যদের কাছে রয়েছে বডি অর্ন ক্যামেরা। পাশাপাশি আকাশপথে ড্রোন দিয়েও চলছে কঠোর নজরদারি। এছাড়া নির্বাচন পরবর্তী দুই দিন সংশ্লিষ্ট এলাকায় এসআরবি ফোর্স মোটায়েন থাকবে।
এই আসনের সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক
Comments