বরুড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ
কুমিল্লার বরুড়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক, বরুড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।
এছাড়াও ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী নেওয়াজ, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ৬০০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২ হাজার ৬০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০.৫ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এছাড়া ৮০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ১ কেজি পেঁয়াজ বীজ, ১০.৫ কেজি ডিএপি সার, ১০.৫ কেজি এমওপি সার ও এক প্যাকেট বালাইনাশক দেওয়া হয়। ৪০ জন কৃষককে লেবু চাষে উৎসাহিত করতে জনপ্রতি ৫টি লেবুর চারা ও ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়।
এ কর্মসূচির আওতায় আরও ৯০০ জন কৃষকের মাঝে বিভিন্ন গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি ১ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে একটি করে গাছের চারা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচটি করে গাছের চারা এবং দুইজন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
Comments