সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী
প্রযুক্তির কোনো বিকল্প নেই মন্তব্য করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'কোনো মুহূর্ত অপচয় না করে সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে। শ্রমিক, দিনমজুর, কৃষক—প্রত্যেককেই এই প্রযুক্তির আওতায় নিয়ে আসতে হবে।'
আজ সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত 'ইনোভেশন শোকেসিং' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সব দিক থেকে ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন,'ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শুধু অর্থনীতিতে হলেই হবে না, নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই বিষয়টি নিশ্চিত করতে হবে। দেশের উৎপাদনশীলতা বাড়াতে জনগণের দোরগোড়ায় প্রত্যেকটি সেবা পৌঁছে দেওয়া জরুরি।'
তিনি আরও উল্লেখ করেন, ঘরে বসে গ্রাহকের সেবা প্রাপ্তি নিশ্চিত করা গেলে সময় ও অর্থসহ অনেক কিছুর সাশ্রয় হবে। তবে শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, সে সম্পর্কে জনগণকে জানানোর কার্যকর উদ্যোগও নিতে হবে।
শেয়ারবাজার ও ইন্স্যুরেন্সসহ (বীমা) প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং দুর্নীতি রোধে ডিজিটাইজেশন পুরোপুরি বাস্তবায়ন করতে হবে বলে মত দেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
Comments