যুদ্ধের প্রভাবে ইরানে তীব্র পানি সংকট, দুর্ভোগে হাজারো পরিবার
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি পানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নগরী সিরিকে হাজারো মানুষ নিরাপদ খাবার পানির সুবিধা হারিয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এমন তথ্য দিয়েছে। স্থানীয় পানি সরবরাহ কোম্পানির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ২০ হাজার বাসিন্দা নিরাপদ খাবার পানির সুবিধা হারিয়েছেন। তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় স্থানীয়রা অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।
সংরক্ষণাগারগুলো ধ্বংস হয়ে যাওয়ায় অঞ্চলটির পানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে ব্যবহার করার মতো পর্যাপ্ত ভূগর্ভস্থ পানিও এলাকাটিতে নেই। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আবদুলহামিদ হামজেহপুর জানান, তারা বিকল্প ব্যবস্থার সন্ধান করছেন।
ক্ষতিগ্রস্ত পানি সংরক্ষণাগার দুটি সিরিক শহরের বেমানি ও কুহেস্তাক এলাকায়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালির কাছে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিক্রিয়া হিসেবে তারা ইরানের সিরিক, জাস্ক ও কেশম দ্বীপে হামলা করেছে।
তেহরান এই দাবিকে 'মিথ্যা অজুহাত' হিসেবে অ্যাখ্যা দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে।
Comments