এফডিআই বাড়াতে নতুন চমক: বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে ১.৫% কমিশন
দেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ও দেশীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে বড় ধরনের প্রণোদনা ও সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন সম্পূরক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই নতুন অর্থনৈতিক পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, কোনো প্রবাসী বাংলাদেশি বা বিদেশি নাগরিক যদি দেশে নতুন বিনিয়োগ নিয়ে আসেন, তবে সেই বিনিয়োগের মোট পরিমাণের ওপর ১.৫ শতাংশ ইনসেনটিভ বা কমিশন দেওয়া হবে।
শিল্প খাতের সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে ক্ষতিগ্রস্ত কিন্তু বাজারে সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে—এমন প্রকৃত উদ্যোক্তাদের সহায়তার জন্য ৬ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ৯ শতাংশ সুদে ঋণ সহযোগিতা দেওয়া হবে।
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অন্যান্য উদ্যোগ
সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী অর্থনীতির সার্বিক সংস্কার ও বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, শুধু বিদেশি নয়, দেশীয় বিনিয়োগ বাড়াতেও সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে ব্যবসা-বাণিজ্য সহজ করতে নিয়ন্ত্রণমুক্তকরণ (ডিরেগুলেশন) প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে। বিনিয়োগকারীরা যাতে তাদের অর্জিত মুনাফা সহজে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্য বিদ্যমান আইনি জটিলতাগুলো দূর করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী জানান, অর্থনীতি ও বাজারের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। সুদের হার কমালে যদি বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়ে, তবে সরকার অবশ্যই সিদ্ধান্ত নেবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বিগত আমলের নীতিগত ভুলের খেসারত দেশকে দিতে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "খারাপ পলিসির প্রভাব যেমন ধীরে ধীরে আমাদের কাঁধে এসে পড়েছে, ঠিক একইভাবে বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর সুফল পেতেও দেশবাসীকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।"
Comments