টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশেই মিলল আরেক অজ্ঞাত নারীর লাশ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মুক্তা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত আরেক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মিরহামজানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা ওই এলাকার সুজন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মিরহামজানী এলাকায় স্বামী সুজন ও ৭ বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে রেললাইন ধরে হেঁটে বাবার বাড়ি যাচ্ছিলেন মুক্তা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এদিকে একই এলাকার অপর একটি স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রাথমিক ধারণা, নারীকে প্রায় তিনদিন আগে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছিল। লাশে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক এনামুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
Comments