দুই দিনের সফরে ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ১৪ জুন (রোববার) দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিশেষ কর্মসূচির উদ্বোধন এবং একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি:
১৪ জুন (রোববার) সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছাবেন এবং সেখানে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি পার্কের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। দুপুর সাড়ে ১২টায় চকরিয়া থেকে পেকুয়ায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া একটায় পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন তিনি। দুপুর ২টায় এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি 'সাঈদ ম্যানশনে' মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেল ৩টায় পেকুয়া থেকে পুনরায় চকরিয়ায় ফিরে নবগঠিত 'মাতামুহুরী' উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভা শেষে তিনি কক্সবাজার জেলা সদরে ফিরে আসবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন সকালে কক্সবাজারের স্থানীয় সুধীজন, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরের দিকে ঢাকার উদ্দেশে তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
Comments