আজ বিশ্ব পরিবেশ দিবস: প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা'। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে দিবসটি উদযাপিত হচ্ছে, যা পরিবেশ রক্ষায় জাতিসংঘের সবচেয়ে বড় বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচি হিসেবে স্বীকৃত।
পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, তীব্র নদীভাঙন, বন্যা, খরা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।
এর পাশাপাশি প্লাস্টিক-পলিথিন দূষণ, ক্রমবর্ধমান বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ পরিবেশগত সংকটকে আরও তীব্র করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগই কেবল একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করছে।
এ সময় প্রধানমন্ত্রী সরকারের আগামী পাঁচ বছরের মেগা পরিকল্পনা ঘোষণা করে বলেন, দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার মতো নানামুখী ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দেওয়া অন্য এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, জলবায়ু ও পরিবেশের সংকট মোকাবিলা করা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সরকারি-বেসরকারি খাত, গবেষক, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কেবল ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
তিনি সম্মিলিত দায়িত্বশীলতা, কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ব্যাপক জনসচেতনতার মাধ্যমে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের 'মানব পরিবেশবিষয়ক সম্মেলন' থেকে পরিবেশ সুরক্ষার বৈশ্বিক উদ্যোগের ভিত্তি তৈরি হয়। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে এবং ১৯৭৩ সাল থেকে বিশ্বব্যাপী দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।
Comments