গোপালগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৩ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার দোলা পাম্পের কাছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ করে।
ছাত্রলীগের বিক্ষোভের এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, এটি হয়তো পুরানো ভিভিও বা ২-১ মিনিটের মধ্যে এ কর্মকাণ্ড ঘটানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা হিমেলের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কের একটি বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন। শ্লোগানের মধ্যে ছিলো-'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু', 'বারবার দরকার-শেখ হাসিনার সরকার', শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই'।
পরে নেতাকর্মীরা খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে বেশ কিছু যানবাহন আটকা পরে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে কাউকেই খুঁজে পায়নি।
এ ব্যাপারে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি আগের। তবে যদি করেও থাকে ২/১ মিনিটের বেশি সময় তারা ছিলো না। পুলিশ গিয়ে তাদের কোথায়ও পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Comments