হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৫ জন শিশু, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (৩ জুন, ২০২৬) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে রোগীরা ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি, অর্থাৎ ৩৮৪ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে। রংপুর বিভাগে সবচেয়ে কম, মাত্র ১৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭৪ হাজার ৫৭২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৫ হাজার ৯৪২ শিশু বাড়ি ফিরেছে। এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। হঠাৎ তীব্র জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
Comments