গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, চলতি মাস থেকেই কার্যকর
ভোক্তা বা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ৫২ পয়সা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোওয়াট (ইউনিট) বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য তালিকা চলতি বিলিং মাস (জুন) থেকেই কার্যকর হবে।
আজ বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গ্রাহক পর্যায়ের পাশাপাশি পাইকারি বিদ্যুৎ এবং সঞ্চালন চার্জও বাড়িয়েছে বিইআরসি। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন চার্জ ইউনিট প্রতি ০.৩১৩৫ টাকা থেকে ০.০৭৫১ টাকা বাড়িয়ে সর্বমোট ০.৩৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই দাম বৃদ্ধির আগে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করেছিল বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
কোম্পানিগুলোর চাহিদা ছিল: নেসকো সর্বোচ্চ ২ টাকা ৫ পয়সা বৃদ্ধির আবেদন করে। ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধির আবেদন করে। পিডিবি সর্বনিম্ন ৮৫ পয়সা বৃদ্ধির আবেদন করে।
কোম্পানিগুলোর এসব প্রস্তাবের ওপর গণশুনানি ও সার্বিক মূল্যায়ন শেষে আজ বিইআরসি গ্রাহক পর্যায়ে গড়ে ১ টাকা ৫২ পয়সা দাম বাড়ানোর চূড়ান্ত ঘোষণা দিল। চলতি মাস থেকেই এই বাড়তি বিল গুনতে হবে গ্রাহকদের।
Comments