‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে ট্রাম্প
লেবাননে ইসরায়েলি সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার দুই নেতার মধ্যে হওয়া একটি ফোনালাপে রীতিমতো অশালীন শব্দ ব্যবহার করে নেতানিয়াহুকে ধমক দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'কে এই তথ্য নিশ্চিত করেছে বিষয়টি সম্পর্কে অবগত দুটি মার্কিন অফিশিয়াল সূত্র।
সূত্র জানায়, ফোনালাপের একপর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুর ওপর চিৎকার করে ওঠেন এবং তাকে 'উন্মাদ' বলে আখ্যা দেন। ট্রাম্পের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরে একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে বলেন: "তুমি বদ্ধ উন্মাদ (ইউ আর ফাকিং ক্রেজি)। আমি না থাকলে তোমাকে জেলে পচতে হতো। আমিই তোমাকে বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এসবের জন্য সবাই এখন ইসরায়েলকেও ঘৃণা করে।"
ট্রাম্প মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে অতীতে চলা দুর্নীতি মামলার সময় মার্কিন সমর্থনের দিকে ইঙ্গিত করে তার 'অকৃতজ্ঞতার' সমালোচনা করেন। বৈরুতে ইসরায়েলের বোমাবর্ষণের হুমকির কারণে আন্তর্জাতিক মহলে ইসরায়েল আরও বেশি একঘরে হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
এই উত্তপ্ত ফোনালাপের ঠিক আগেই লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রতিবাদে আমেরিকার সাথে চলমান আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল ইরান। আমেরিকা ও ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, তার অন্যতম প্রধান শর্তই হলো লেবাননে যুদ্ধবিরতি।
নেতানিয়াহুর একতরফা আগ্রাসনের কারণে ইরানের সাথে ওয়াশিংটনের এই গুরুত্বপূর্ণ আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ায় ট্রাম্প চরম ত্যক্তবিরক্ত ছিলেন। তবে ফোনালাপের পরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে লেখেন, ইরানের সাথে আলোচনা "অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।"
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে বিপুলসংখ্যক সাধারণ নাগরিকের মৃত্যু এবং হিজবুল্লাহর একজন কমান্ডারকে মারতে গিয়ে পুরো বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়ার ইসরায়েলি কৌশলের তীব্র বিরোধী ট্রাম্প।
ট্রাম্পের এই প্রবল চাপের মুখে বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ইসরায়েল।
ফোনালাপের পর নেতানিয়াহু এক বিবৃতি জারি করে দাবি করেন, "আমাদের অবস্থানে কোনো বদল হয়নি।" তিনি ট্রাম্পকে জানিয়েছেন যে, হিজবুল্লাহ হামলা বন্ধ না করলে বৈরুতে আক্রমণ অব্যাহত থাকবে।
তবে একজন মার্কিন কর্মকর্তা নেতানিয়াহুর এই দাবি নাকচ করে দিয়ে বলেন, বাস্তবে ট্রাম্পের তীব্র চাপের মুখে পুরোপুরি নতিস্বীকার করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চাপের মুখে বিবি (নেতানিয়াহুর ডাকনাম) শুধু বলেছেন— "ঠিক আছে, ঠিক আছে, শুধু একটু খেয়াল রাখবেন যেন সবদিক ঠিকঠাক সামলে নেওয়া হয়।"
দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহুর সাথে এটিই ছিল তার সবচেয়ে তিক্ত ও উত্তপ্ত ফোনালাপ। এই বিষয়ে মন্তব্যের জন্য নেতানিয়াহুর কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।
Comments