ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর পরিবারের সঙ্গে সময় কাটাতে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে।
ছুটির হিসাব-নিকাশ ও কোরবানির আনুষ্ঠানিকতা ঢাকায় শেষ করে অনেকেই এখন ছুটছেন গ্রামের বাড়ির দিকে।
শনিবার সকালে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশদ্বার গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনেকেই সপরিবারে ব্যাগ-লাগেজ নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন।
কল্যাণপুর টার্মিনালে অপেক্ষারত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইফুল ইসলাম বলেন, 'ঢাকায় কোরবানি দেওয়ায় ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি।'
কোরবানির মাংস আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন করে আজ সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছি। বাকি ছুটিটুকু মা-বাবার সঙ্গেই কাটাব। অনেক চাকরিজীবী ঈদের সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি মেলাতে পেরেছেন।
ফলে ঈদের আনুষ্ঠানিকতা ঢাকায় সেরে এখন তারা গ্রামের দিকে রওনা হয়েছেন, যাতে আগামী সপ্তাহের পুরোটা গ্রামে কাটাতে পারেন।
গাবতলী বাস টার্মিনালের সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মইন বাংলানিউজকে বলেন, 'গতকাল থেকে আজ যাত্রীদের চাপ কিছুটা কমলেও যাত্রীরা যাচ্ছেন। আগামীকাল যাত্রীদের চাপ কমে আসবে। তবে আমাদের গাড়িগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। কারণ কাল থেকে ঢাকায় ফেরার চাপ শুরু হবে।
Comments