ঈদের দিন গলায় মাংস আটকে প্রাণ গেল কিশোরের
পবিত্র ঈদুল আজহায় পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেতে বসে গলায় মাংস আটকে শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোর।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ তথ্যটি জানিয়েছেন।
ইয়াসিন উপজেলার পোড়ারচর নয়াপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে খাবার খাচ্ছিল ইয়াসিন।
খাওয়ার একপর্যায়ে হঠাৎ তার গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সে সময় কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই ইয়াসিনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হতে পারে।
Comments