অক্সিজেন সংকটে ভুগেছেন বালাম ও তাঁর স্ত্রী
পবিত্র ঈদুল ফিতরে এসেছে বালামের পঞ্চম একক অ্যালবাম 'মাওলা'র চারটি অডিও গান। এই ঈদে আসছে অ্যালবামের টাইটেল সং 'মাওলা'র মিউজিক ভিডিও। 'মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা'—এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। গতকাল শনিবার ঢাকার বনানীর ক্লাব নটর ডেমিয়ানসে প্রকাশ করা হয় গানটির ভিডিওচিত্রের ট্রেলার। এটি নির্দেশনা দিয়েছেন তানিম রহমান।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালামের পরিবার ও সংগীতাঙ্গনে তাঁর কাছের মানুষেরা। হামিন আহমেদ, শেখ মনিরুল আলম ছাড়াও ছিলেন হাবিব ওয়াহিদ, আলিফ আলাউদ্দিন, কোনাল, এলিটা, আনিকা, ফারশিদ আলম, কাজী ফয়সাল আহমেদ প্রমুখ। সবাই বালামের সঙ্গে বিভিন্ন সময়ের কাজের অভিজ্ঞতা ও বন্ধুত্বের গল্প শোনান।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালামের পরিবার ও সংগীতাঙ্গনে তাঁর কাছের মানুষেরা। সংবাদ সম্মেলনের শুরুতেই বালাম জানান, ২০২০ সালে করোনা মহামারিতে সবাই যখন ঘরবন্দী, তখনকার কোনো এক মধ্যরাতে 'মাওলা' গানের প্রথম দুই লাইন মাথায় আসে। এরপর তাতে সুর দেন। সুর করা হলে তা তিনি শেয়ার করেন গীতিকার রশিদ নিউটনের সঙ্গে। এরপর আস্তে আস্তে পুরো গানটি তৈরি হয়।
বালাম বলেন, 'কোভিডের সময়ে আমাদের সবাইকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, মাওলা ছাড়া আমাদের পরিত্রাণের কেউ নেই, এই সময়টাতে ব্যাপারটি বারেবারে মনে হয়েছে। তাই বারবার তাঁর কাছেই সাহায্য চেয়েছি। তখনকার অনুভূতি থেকেই গানটির জন্ম। এরপর তানিম রহমানের সঙ্গে গানটি নিয়ে আলোচনার পর ভালোমানের একটি ভিডিওচিত্রের পরিকল্পনা আসে। নেপালে শুটিংয়ের মধ্য দিয়ে গানটির ভিডিও তৈরি হয়।'
গানের পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশিত হবে কাল সোমবার। তার আগে অনুষ্ঠানে সবার উপস্থিতিতে ট্রেলার প্রকাশ করা হয়। জানানো হয়, 'মাওলা' গানটির চিত্রায়ণ হয়েছে নেপালের কালিনচকে। এতে বালামের বিপরীতে পর্দায় ছিলেন তাঁর স্ত্রী সাগুফতা ফারুক। আট হাজার ফুট ওপরে শুটিংয়ের কারণে অক্সিজেন–স্বল্পতায় ভুগতে হয়েছে সবাইকে।
সাগুফতা বলেন, 'এ গানে আমাকে কিছু সময়ের জন্য দেখা যাবে। তবে বালামসহ সবাই অনেক পরিশ্রম করেছে। আমার নিজের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল অনেক, কিন্তু এরপরও অংশু (তানিম রহমান) ভাই কাজটি করিয়ে নিয়েছেন। আসলে বালাম, অসম্ভব পরিশ্রমী একজন মানুষ, আমরা সবাই চাই, গানে যেন সে আর বিরতি না নেয়।'
Comments