দ্বিতীয়বার সন্তানের বাবা হলেন হাবু ভাই
জনপ্রিয় অভিনেতা চাষী আলমের ঘরে এলো নতুন অতিথি। আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন 'ব্যাচেলর পয়েন্ট' নাটকের জনপ্রিয় চরিত্র 'হাবু ভাই' খ্যাত এই তারকা। বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে তার স্ত্রী তুলতুল ইসলাম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নেন চাষী আলম। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, 'আলহামদুলিল্লাহ্, দ্বিতীয়।'
তার এই পোস্টে বিনোদন অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা শুভকামনা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিকভাবে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। বিয়ের পর থেকেই সুখে সংসার করছেন এই দম্পতি। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম ছেলে সন্তানের বাবা হন এই অভিনেতা।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত 'ব্যাচেলর পয়েন্ট' ধারাবাহিকে 'হাবু ভাই' চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা ও দর্শকের ভালোবাসা পান চাষী আলম। এরপর থেকে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।
Comments