কর মামলা থেকে খালাস পেলেন পপ তারকা শাকিরা
দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং জটিল আইনি লড়াই শেষে বড় ধরনের স্বস্তি পেলেন কলম্বিয়ান পপ সাম্রাজ্ঞী শাকিরা। স্পেনের উচ্চ আদালত এই গায়িকাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই সাথে শাকিরার কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার জন্য দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে নির্দেশ দিয়েছেন আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্পেনের কর কর্মকর্তাদের দাবি ছিল— ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন বসবাস করেছিলেন, যা দেশটির আইন অনুযায়ী কর দেওয়ার জন্য ন্যূনতম সময়সীমা। তবে আদালত চূড়ান্ত রায়ে স্পষ্ট জানিয়েছেন, কর কর্তৃপক্ষ তাদের এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
আদালতের হিসাব অনুযায়ী: ওই অর্থবছরে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন, যা কর দেওয়ার নির্ধারিত সময়সীমা থেকে ২০ দিন কম। ফলে তার ওপর আরোপিত বিপুল অঙ্কের এই জরিমানাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফেরত দেওয়া এই অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা (২৪ মিলিয়ন ইউরো) আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা (২৫ মিলিয়ন ইউরো) জরিমানা। বাকি অংশ সুদের আওতাভুক্ত।
আদালতের এই ঐতিহাসিক রায়ের পর এক আবেগঘন বিবৃতিতে শাকিরা বলেন: "আদালত অবশেষে সত্যকে সামনে এনেছেন। গত আটটি বছর আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে। আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, যার নেতিবাচক প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের ওপর পড়েছে।"
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "এখানে কোনো কর ফাঁকি দেওয়া হয়নি এবং প্রশাসন নিজেও কখনো তা প্রমাণ করতে পারেনি, কারণ পুরো বিষয়টিই ছিল সাজানো। প্রায় এক দশক ধরে আমার সাথে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। মূলত সাধারণ করদাতাদের মনে ভয় ধরানোর জন্য আমার সেলিব্রেটি নামটিকে ব্যবহার করা হয়েছিল।"
Comments