কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মদিন আজ
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সমাজসচেতন এবং শৈল্পিক ধারার অন্যতম পথিকৃৎ মৃণাল সেনের জন্মদিন আজ। ১৯২৩ সালের ১৪ মে তৎকালীন পূর্ববঙ্গের ফরিদপুরে এই কালজয়ী নির্মাতার জন্ম হয়।
মৃণাল সেন ফরিদপুরের ঝিলটুলীতে জন্মগ্রহণ করেন এবং সেখান থেকেই উচ্চ মাধ্যমিক শেষ করে কলকাতায় চলে যান। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় ভর্তি হন।
তাঁর বাবা দীনেশ সেন ছিলেন একজন আইনজীবী এবং বিপিনচন্দ্র পালের ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের বাড়িতে নেতাজী সুভাষ বসু, কবি কাজী নজরুল ইসলাম এবং জসীম উদ্দীনের মতো বরেণ্য ব্যক্তিদের আনাগোনা ছিল। ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাঁর বাবাকে জেলও খাটতে হয়েছিল।
বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত হন। পরে আইপিটিএ (IPTA) বা গণনাট্য সংঘের সাথে যুক্ত হয়ে সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরেন। চলচ্চিত্র নির্মাণের আগে তিনি সাংবাদিকতা, ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং শব্দ কলাকুশলী হিসেবে কাজ করেছেন।
১৯৫৫ সালে তাঁর প্রথম ছবি 'রাত-ভোর' মুক্তি পায়। তবে দ্বিতীয় ছবি 'নীল আকাশের নিচে' তাঁকে পরিচিতি এনে দেয় এবং 'বাইশে শ্রাবণ' ছবির মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হন। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত 'ভুবন সোম' ছবিটিকে অনেকে তাঁর শ্রেষ্ঠ কাজ মনে করেন। 'ইন্টারভিউ' (১৯৭১), 'কলকাতা ৭১' (১৯৭২) এবং 'পদাতিক' (১৯৭৩)—এই তিনটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার রাজনৈতিক অস্থিরতা নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন।
'একদিন প্রতিদিন' এবং 'খারিজ' ছবির মাধ্যমে তিনি মধ্যবিত্তের নীতিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। 'আকালের সন্ধানে' চলচ্চিত্রের জন্য তিনি বার্লিন চলচ্চিত্র উৎসবে 'রৌপ্য ভালুক' পুরস্কার জয় করেন।
বাংলা ছাড়াও তিনি হিন্দি, ওড়িয়া ও তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে উড়িয়া ভাষায় 'মাটির মনীষ' এবং তেলুগু ভাষায় 'ওকা উরি কথা'।
তিনি ভারতের 'পদ্মভূষণ' ও 'দাদাসাহেব ফালকে' পুরস্কার ছাড়াও ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান এবং রাশিয়ার 'অর্ডার অব ফ্রেন্ডশিপ' পদকে ভূষিত হন। তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফিল্মের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১৭ সালে স্ত্রী গীতা সেনের মৃত্যুর পর তাঁর জীবনে এক ধরণের একাকীত্ব নেমে আসে। তার পরের বছর, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৯৫ বছর বয়সে এই মহান শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Comments