উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে
জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে। আজ সোমবার বিকেলেই তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকা থেকে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনা কায়সারের বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তিনি মেয়ের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত বলে শনাক্ত হন।
গত শুক্রবার রাত থেকে কারিনা লাইফ সাপোর্টে রয়েছেন। তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, বড় ধরনের কোনো পরিবর্তন না আসলেও বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার আশায় দ্রুত বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
Comments