জুনে ভারত ও চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে প্রতিবেশী দেশ ভারত অথবা চীন সফরে যেতে পারেন। মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রীর চীন সফর নিশ্চিত করতে বর্তমানে কূটনৈতিক কাজ চলছে।
চীনা সরকারের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজই (৫ মে) বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এই সফরে উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের 'তিস্তা মহাপরিকল্পনা' নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, "আমি চীন সফরে যাচ্ছি এবং সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বিশেষ অঙ্গীকার রয়েছে।" প্রায় ৮ হাজার কোটি টাকার এই প্রকল্পে চীন আর্থিক ও কারিগরি সহায়তা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, "ভারত ও চীন—উভয়ই আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের প্রতিই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। এখন সুবিধাজনক সময় নির্ধারণের জন্য দুই দেশের প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে সমন্বয় করে সফরসূচি চূড়ান্ত করার কাজ চলছে।"
পররাষ্ট্রমন্ত্রীর এই বেইজিং সফরে কেবল তিস্তা ইস্যু নয়, বরং বাণিজ্য, বিনিয়োগ, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং সরাসরি আকাশপথ যোগাযোগের মতো বিষয়গুলোও প্রাধান্য পাবে। এছাড়া প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের রূপরেখাও এই সফরে চূড়ান্ত হতে পারে।
আগামী ৭ মে পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন ড. খলিলুর রহমান। সফরে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
Comments