গোপালগঞ্জে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট, বরকে কারাদণ্ড ও জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামের হীরা বাড়িতে চলছিল উৎসব। আয়োজন করা হয়েছিলে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার জয় চৌধুরীর (২৩) বিয়ের আনুষ্ঠানিকতা।
কিন্তু বাধ সাধলো প্রশাসন। গোপন সংবাদে বিয়ে বাড়িয়ে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) রাতে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এ সাজা ও জরিমানা প্রদান করেন।
সাজা ও জরিমানাপ্রাপ্ত বর হলেন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার জয় চৌধুরী।
সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, রাত ৮টার তুলি হীরা (১৫) নামের এক কিশোরীকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। এমন গোপন সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাস ও স্থানীয় জনগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Comments