শিক্ষক থেকে আততায়ী, অ্যালেনের চিঠিতে খোঁজা হচ্ছে কারণ
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন কোল অ্যালেনের একটি চিঠি পর্যালোচনা করেছে কর্তৃপক্ষ। পরিবারের সদস্যদের কাছে এটি পাঠানো হয়েছিল হামলার আগে। কর্তৃপক্ষ বোঝার চেষ্টা করছে, ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক কীভাবে আততায়ী হয়ে উঠলেন।
ক্যালিফোর্নিয়ায় খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ভিডিও গেম বানাতেন অ্যালেন। পরিবারকে পাঠানো চিঠির শুরুতে তিনি লিখেছিলেন, যাদের বিশ্বাস নষ্ট করছেন, তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। এরপর তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানানোর কথা উল্লেখ করেন। একাংশে লিখেছেন, 'আমি ক্ষমার আশা করি না।'
হোয়াইট হাউস জানিয়েছে, হামলার ঘটনার পর অ্যালেনের স্বজনদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারীদের তাঁর বোন জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে বামপন্থি আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকে অ্যালেনের কিছু কথায় কট্টরপন্থী মনোভাব প্রকাশ পায়। একই সময়ে তিনি আগ্নেয়াস্ত্র কিনে নিয়মিত অনুশীলন শুরু করেন।
সিএনএনের দীর্ঘ এক প্রতিবেদনে তথ্যসূত্র হিসেবে অধিকাংশ ক্ষেত্রে 'কর্তৃপক্ষ' শব্দটি ব্যবহার করা হয়েছে। একটি অংশে 'কর্তৃপক্ষ জানায়' উল্লেখ করে তারা লিখেছে, ট্রেনে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসিতে যান অ্যালেন। এরপর হিলটন হোটেলে চেক-ইন করেন। এই হোটেলে শনিবার রাতে সাংবাদিকদের নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএনএনকে কর্তৃপক্ষ জানায়, অ্যালেন ডট থ্রি-এইট ক্যালিবারের সেমি-অটোমেটিক পিস্তল ও একটি শটগান নিয়ে হোটেলে ঢুকেছিলেন। গুলির ঘটনার আগে তিনি পরিবারের সদস্যদের কাছে একটি লিখিত বার্তা পাঠান। এতে নিজেকে 'ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন' হিসেবে উল্লেখ এবং ট্রাম্পবিরোধী মনোভাব প্রকাশ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে অ্যালেনকে 'খ্রিস্টানবিরোধী' হিসেবে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলছেন, তারা এখনো অ্যালেনের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছেন। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি প্রশাসনের সদস্যদের লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিলেন।
অ্যালেন তাঁর চিঠিতে বেশকিছু অভিযোগ তুলে ধরেন। আটককেন্দ্রের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি 'বিশ্বাসঘাতক' শব্দ ব্যবহার করেছেন। ধারণা করা হচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলেছেন। চিঠির শেষাংশে লিখেছেন, 'এই প্রশাসন যা কিছু করেছে, সেসব ভাবলে আমার ভেতরে প্রচণ্ড রাগ জন্মায়।'
চিঠিটি পাওয়ার পর কানেকটিকাট অঙ্গরাজ্যে থাকা অ্যালেনের এক ভাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের অন্য সদস্যরাও নিজ এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানা গেছে।
নৈশভোজে হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অ্যালেনের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য উদঘাটনের কাজ শুরু করে। হোয়াইট হাউস জানিয়েছে, সিক্রেট সার্ভিস এজেন্ট ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টি পুলিশ অ্যালেনের এক বোনকে জিজ্ঞাসাবাদ করেছে। একইসঙ্গে এফবিআই এজেন্টরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি বাড়িতে তল্লাশি চালায়। জানা গেছে, অ্যালেন ওই বাড়িতে থাকতেন।
Comments