প্রস্তুতি শেষেই স্থানীয় সরকার নির্বাচন- সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন আয়োজনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়া মাত্রই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলো দ্রুত আয়োজনের বিষয়ে ইতিবাচক। তবে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে কিছু কাঠামোগত প্রস্তুতির প্রয়োজন রয়েছে।
সংসদ সদস্য রুমিন ফারহানার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো সাধারণত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হয়। সব স্তরের (যেমন: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন) নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময়ের প্রয়োজন হয়।
তফসিল ঘোষণার আগে বেশ কিছু কারিগরি ও পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় নিতে হয় বলে জানান মন্ত্রী। এর মধ্যে রয়েছে: হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুতকরণ। ভোটের সামগ্রী সংগ্রহ এবং কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান। আবহাওয়া, পাবলিক পরীক্ষা এবং প্রধান ধর্মীয় উৎসবগুলোর সময়সূচি সমন্বয় করা।
মন্ত্রী আশ্বস্ত করেন যে, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সমন্বয় করে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সরকার গুরুত্বের সাথে দেখছে।
Comments