জঙ্গি হামলার সতর্কতা: দেশের সব বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে এক নির্দেশনায় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা নাশকতার পরিকল্পনা করছে। এই হুমকির প্রেক্ষাপটে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই চিঠিতে উল্লেখ করা হয়: সম্প্রতি গ্রেপ্তারকৃত উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্করের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগসহ জনবহুল এলাকাগুলোতে হামলার পরিকল্পনা থাকতে পারে। বোমা বিস্ফোরণ ছাড়াও দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার ছকও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে 'উচ্চ ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Comments